লেখিকা ও কলামিস্ট ই. জেন ক্যারলের করা যৌন নির্যাতন ও মানহানির মামলায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
সোমবার দেশটির সর্বোচ্চ আদালত ট্রাম্পের আইনজীবীদের করা আবেদন শুনতে অস্বীকৃতি জানান। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল থাকল। আদালত কোনো ব্যাখ্যা ছাড়াই আবেদনটি প্রত্যাখ্যান করেন এবং কোনো বিচারপতি প্রকাশ্যে ভিন্নমত জানাননি।
মামলার বিবরণ অনুযায়ী, ই. জেন ক্যারল অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন। ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
২০২৩ সালের মে মাসে ম্যানহাটনের একটি ফেডারেল জুরি ট্রাম্পকে যৌন নির্যাতন ও মানহানির জন্য দায়ী করে ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। পরে ফেডারেল আপিল আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে।
ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে রায় বাতিলের আবেদন করেন। তাদের দাবি ছিল, বিচারপ্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং ট্রাম্প ন্যায্য বিচার পাননি। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতে রাজি হয়নি।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণসংক্রান্ত মামলাটি কার্যত চূড়ান্ত হলো। ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান এই সিদ্ধান্তকে জুরির রায়ের চূড়ান্ত স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে ক্যারলের করা আরেক মানহানির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণের রায় রয়েছে। সেই মামলাটিও এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প আগের মতোই অভিযোগ অস্বীকার করে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ