পাকিস্তানের অভিনেত্রী ভানিজা সাত্তার ও সাবেক ক্রিকেটার শোয়েব মালিককে ঘিরে বিয়ের গুঞ্জন আবার সামাজিকমাধ্যমে ছড়িয়েছে। তবে এ খবরকে ভিত্তিহীন বলে বিরক্তি প্রকাশ করেছেন ‘কুচ আনকাহি’খ্যাত অভিনেত্রী। ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সামাজিকমাধ্যমে ছড়ানো একটি ভিডিও ক্লিপে দাবি করা হয়েছিল, শোয়েব ও ভানিজা ২৭ ফেব্রুয়ারি বিয়ে করবেন। ক্লিপটি নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করে ভানিজা লেখেন, “ওহ মাই গড! আবার নয়!”
ভানিজা বলেন, অনেকে অনলাইনে রিচ, ভিউ ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য তারকাদের নিয়ে মুখরোচক ও যাচাইহীন খবর ছড়ান। সমাজে আলোচনার মতো বহু অর্থবহ বিষয় থাকা সত্ত্বেও কেন বানোয়াট গসিপ বেশি গুরুত্ব পায়, সে প্রশ্নও তোলেন তিনি। অভিনেত্রী তারকাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো এবং তথ্য যাচাই না করে তা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
শোয়েব মালিক ২০০২ সালে আয়েশা সিদ্দিকীকে বিয়ে করেন; প্রায় আট বছর পর তাদের বিচ্ছেদ হয়। ২০১০ সালে তিনি টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। এক দশকের বেশি সময় পর ২০২৪ সালে তাদের দাম্পত্যের অবসান ঘটে। একই বছরের ২০ জানুয়ারি শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন। ভানিজার সঙ্গে তার সম্পর্ক বা বিয়ের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই।
সূত্র: ডেইলি পাকিস্তান
মন্তব্যসমূহ