ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ ফেডারেশনের কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে যাত্রা করেছেন ইনফান্তিনো। তবে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা না থাকায় যাত্রাপথে ঢাকায় ট্রানজিট নিতে হয়েছে তাকে।
ফিফা সভাপতির ঢাকায় অবস্থানের সময় অল্প হলেও তার আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল বাফুফে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের অন্য কর্মকর্তারা। সেখানে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তবে এ সাক্ষাতে ফুটবল উন্নয়ন কিংবা অন্য কোনো বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইনফান্তিনোর ঢাকা সফরটি মূলত যাত্রাবিরতির অংশ। ভুটানের উদ্দেশে পরবর্তী ফ্লাইট ধরতেই তিনি বাংলাদেশে অবস্থান করছেন।
মন্তব্যসমূহ