বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়ে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার নাহিদা আক্তার। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি।
ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে নতুন নেতৃত্বের বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম ক্রিকবাজকে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নাহিদাকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা নির্বাচক প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে বসেছিলাম। সোবহানা মোস্তারি ভাইস ক্যাপ্টেন।’
এর আগে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন নিগার সুলতানা জ্যোতি। ২০২২ সালে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় দল পরিচালনা করেন তিনি। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমস শেষ হওয়ার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন জ্যোতি।
তার নেতৃত্বে বাংলাদেশ নারী দল মোট ৮২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৩২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
জ্যোতির অধিনায়কত্বের পুরো সময় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাহিদা আক্তার। ফলে জাতীয় দলের নেতৃত্বের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন তিনি।
অভিজ্ঞ এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১৩টি ম্যাচে অংশ নিয়ে ১৩২টি উইকেট শিকার করেছেন।
এবার অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব শুরু করতে যাচ্ছেন নাহিদা। অন্যদিকে সোবহানা মোস্তারি সহ-অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বে যুক্ত হচ্ছেন।
মন্তব্যসমূহ