দেশব্যাপী এলপিজি বিক্রি বন্ধ রাখার পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। ফলে আগামী ১৫ ও ১৬ অক্টোবর এলপিজির দোকান বন্ধ রাখার কর্মসূচি আর কার্যকর হচ্ছে না। একই সঙ্গে এলপিজির মূল্য নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এলপিজি ব্যবসায়ীদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে একই দিন সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।
এ সময় জ্বালানিমন্ত্রী সতর্ক করে বলেন, ধর্মঘট প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১২ অক্টোবর এলপি গ্যাস ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজির দোকান বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছিলেন।
তবে সরকারের সঙ্গে আলোচনার দিনই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্যবসায়ীরা।
এদিকে এলপিজির মূল্য নির্ধারণের বিষয়টি নিয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মন্তব্যসমূহ