দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, বিএনপির নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেটের কারণে গ্যাসের দাম বাড়ছে। একই সঙ্গে সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং দুর্নীতির অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর জেলা শহরের পৌরসভা অডিটোরিয়ামে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এরপরও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না এবং কোথাও কোথাও দাম ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত উঠেছে। তাঁর অভিযোগ, বিএনপি সিন্ডিকেটের মাধ্যমে এই দাম বাড়াচ্ছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ বলেন, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ অধিকার ফিরে পাচ্ছে না। তাঁর দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ক্ষমতায় এসে বিএনপি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে তা নষ্ট করেছে।
নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি জয়ী হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষ্য, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এলেও বিএনপি সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গেছে।
শরীয়তপুর বার নির্বাচনে কাউকে মনোনয়নপত্র তুলতে না দিয়ে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন সম্পন্ন করার অভিযোগও তোলেন নাহিদ ইসলাম। তবে স্থানীয় সরকার নির্বাচনে এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না বলে জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি দেশপ্রেমিক ও এলাকার উন্নয়নে আগ্রহীদের অংশ নেওয়ার আহ্বান জানান নাহিদ। স্বৈরাচার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সরকারি চাকরি ও সারের ডিলার নিয়োগ নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করায় দলটি জনগণের সরকার হিসেবে কাজ করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ঘটনায় সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।
সারজিস আলমের অভিযোগ, সারের ডিলার নিয়োগে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার বদলে দলীয় পরিচয় এবং সংসদ সদস্যদের সন্তান ও আত্মীয়স্বজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর মতে, বিএনপি জনগণের সরকার না হয়ে দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
জেলা এনসিপির আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মো. হোসাইন এবং জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার।
এদিকে একই দিন মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে জেলা এনসিপি আয়োজিত আরেকটি নাগরিক সভায় নাহিদ ইসলাম দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পাদনে ভূমিকা রাখা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনাকে খলিলুর রহমানের ব্যর্থতা উল্লেখ করে এর দায় তাঁকে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কোনোভাবেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবে না।
মন্তব্যসমূহ