ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই যুবক নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেইত লাহিয়ার উম্ম আল-ফাহম স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন হামলা চালানো হয়। ওই স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।
একই শহরের আল-আমৌদি এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি নারী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি কামানের গোলার আঘাতে ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের পূর্বাঞ্চলে বনি সুহাইলা গোলচত্বরের কাছে গোলার আঘাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত এবং তিনজন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ৪১ জন নিহত এবং তিন হাজার ৩৭২ জন আহত হয়েছেন।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর শুরু হওয়া দুই বছরের ইসরায়েলি অভিযানের পর যুদ্ধবিরতিতে পৌঁছানো হয়। ওই অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাবে, গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ