প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থার মানোন্নয়নে সিস্টেম মাইগ্রেশনের কাজের কারণে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ প্রযুক্তিভিত্তিক সেবা সাময়িকভাবে সীমিত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে সেবাগুলো দ্রুতই পুনরায় সচল করা হবে বলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সিস্টেম মাইগ্রেশনের এই সময়ে কিউক্যাশভুক্ত ব্যাংকগুলোর এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন এবং কিছু নির্দিষ্ট কার্ড সেবা বিঘ্নিত হতে পারে। তবে সব ব্যাংকের সব সেবা একসঙ্গে বন্ধ থাকবে না; ব্যাংকভেদে সেবা সীমিত থাকার ধরন ও সময় কিছুটা ভিন্ন হতে পারে।
একসঙ্গে ৩০টি ব্যাংকের এমন গুরুত্বপূর্ণ সেবা সীমিত করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংককে আগে থেকে না জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আধুনিক ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে সিস্টেম মাইগ্রেশন ইতিবাচক হলেও, এতগুলো ব্যাংকের সেবা বন্ধের মতো বড় সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশ ব্যাংককে আগে অবহিত করা হয়নি।
যেসব ব্যাংকের সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে তার মধ্যে রয়েছে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, ব্যাংক এশিয়া, এনসিসি, ট্রাস্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ও শাহজালাল ইসলামী ব্যাংকসহ মোট ৩০টি ব্যাংক। গ্রাহকদের ভোগান্তি এড়াতে ব্যাংকগুলো এসএমএসের মাধ্যমে বিষয়টি জানাচ্ছে এবং জরুরি প্রয়োজনে বিকল্প চ্যানেল ব্যবহারের অনুরোধ করছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো জানিয়েছে, ডেবিট কার্ডের কিছু নির্দিষ্ট লেনদেন সচল থাকতে পারে। এছাড়া মোবাইল আর্থিক সেবা (বিকাশ, নগদ, উপায়), বাংলা কিউআর এবং অন্যান্য নেটওয়ার্কের এটিএম ও পিওএস ব্যবহার করে লেনদেন অব্যাহত রাখা সম্ভব হবে।
মন্তব্যসমূহ