ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল আকারের বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব প্রচারে ট্রাম্পের পাশাপাশি মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিভিন্ন চিত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বার্তা তুলে ধরা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে আরব নিউজ জানিয়েছে, তেহরানের ব্যস্ত ভালিয়াসার চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব বিলবোর্ড দেখা যাচ্ছে। সরকারের অর্থায়নে তৈরি প্রচারগুলো মূলত সরকারি বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে।
‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামের একটি প্রতিষ্ঠান এমন কয়েকটি বিলবোর্ড তৈরি করেছে। তাদের একটি নকশায় ট্রাম্পের ঠোঁট সেলাই করা এবং মুখ বন্ধ অবস্থায় দেখানো হয়েছে। পেছনে রয়েছে হরমুজ প্রণালীর দৃশ্য। সেখানে লেখা হয়েছে, ‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।
প্রতিষ্ঠানটির ৩২ বছর বয়সী ব্যবস্থাপক মোস্তফা কাফায়ি বলেন, ‘যখন কোনো বড় খবর আসে, তখন আমাদের দল তৎপর হয়ে ওঠে। নতুন ধারণা বা আইডিয়া তৈরি করা হয়, গ্রাফিক ডিজাইনারদের নির্দেশনা দেওয়া হয় এবং আমরা সবাই মিলে কাজ করি।’
স্টুডিওটিতে একটি সংবাদ পর্যবেক্ষণ দলও রয়েছে। তারা ইরানের অন্যতম বৃহৎ সরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের অধীনে কাজ করে। নতুন নকশার ধারণা নিয়ে আলোচনার জন্য সেখানে হোয়াইটবোর্ড রয়েছে। হলওয়ের দেয়ালে শহীদদের ছবি ও বিভিন্ন স্কেচও রাখা হয়েছে।
অন্য একটি স্টুডিওর নকশা করা বিলবোর্ডে ট্রাম্পকে জাদুকরের বাক্সের ভেতরে আটকে থাকতে দেখা যায়। তার হাতে কোকা-কোলা ও হ্যামবার্গার। এতে লেখা হয়েছে, ‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’
প্রতিবেদনে বলা হয়েছে, বিলবোর্ডটির মাধ্যমে গত জুলাইয়ে তুরস্কে ঘটে যাওয়া একটি ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে তখন ট্রাম্পকে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে একটি ক্যাটারিং ট্রাকে করে গোপনে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল।
দ্রুত বিলবোর্ড তৈরির প্রক্রিয়া সম্পর্কে মোস্তফা বলেন, ‘দ্রুত কাজ করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় আটজনের একটি দল মাত্র কয়েক দিনের মধ্যে একটি বিলবোর্ডের কাজ শেষ করে।
এসব নকশার বেশির ভাগই ফটোশপে তৈরি করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রেও দলটি দক্ষ বলে জানিয়েছেন মোস্তফা। বিভিন্ন প্রকল্পে চ্যাটজিপিটি ও ন্যানো ব্যানানার মতো এআই টুলও ব্যবহার করা হচ্ছে।
তেহরানের আরেকটি বিশাল বিলবোর্ডে একজন ইরানি সেনাকে মার্কিন ড্রোনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হরমুজ প্রণালীতে একটি ড্রোন আটকের ঘটনাকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছে। সেখানে লেখা, ‘ব্যবসা ভালোই চলছে।’
আরেক নকশায় উত্তাল সমুদ্রের মধ্যে এক পৌরাণিক যোদ্ধার পেছনে মার্কিন যুদ্ধজাহাজে আগুন জ্বলতে দেখা যায়। এতে লেখা হয়েছে, ‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’
অন্য একটি বিলবোর্ডে ট্রাম্পকে পানির নিচে একটি ডলারের নোট ধরার চেষ্টা করতে দেখা যায়। পাশে লেখা হয়েছে, ‘বিশাল বিজয়! হরমুজ প্রণালী।’
বিলবোর্ডগুলোতে ট্রাম্পকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করে মোস্তফা বলেন, ‘ট্রাম্প একজন মিডিয়া ব্যক্তিত্ব... তিনি যখনই ওই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেন, আমরাও তার উপযুক্ত জবাব দিই।’
সূত্র : এএফপি
মন্তব্যসমূহ