সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের কাছে পর্যটকবাহী দুটি জাহাজে সশস্ত্র বনদস্যুরা ডাকাতির চেষ্টা চালায়। তবে বনরক্ষীদের সময়োপযোগী প্রতিরোধ ও চার রাউন্ড ফাঁকা গুলির কারণে দস্যুরা ট্রলার ঘুরিয়ে সাগরের দিকে পালিয়ে যায়।
এ ঘটনা শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে পূর্ব সুন্দরবনের কটকা পর্যটনকেন্দ্র সংলগ্ন নদীতে ঘটে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে একদল অজ্ঞাতপরিচয় বনদস্যু কটকা নদীতে ভাসমান পর্যটকবাহী জাহাজের দিকে এগোতে থাকলে জেলেরা বিষয়টি বনরক্ষীদের জানান।
খবর পেয়ে বনরক্ষীরা স্পিডবোট নিয়ে কটকা নদীর মুখে অবস্থান নেন এবং দস্যুরা জাহাজের কাছে গেলে চার রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে ভয় পেয়ে দস্যুরা তাদের ট্রলার ঘুরিয়ে চলে যায়।
ঘটনার সময় ‘দি ওয়েভ-২’ ও ‘আরাল সী’ নামে দুটি লঞ্চে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক ছিলেন। ‘দি ওয়েভ-২’ জাহাজের মাস্টার মো. শামিম আলম বলেন, বনরক্ষীদের সতর্কতার কারণে তারা নিরাপদ ছিলেন, তবে দস্যু আসার খবর পেয়ে পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন বিভাগের টহল জোরদার থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তিনি পর্যটন মৌসুমে কটকা ও সংলগ্ন অভয়ারণ্য এলাকায় বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ডের রাত্রিকালীন টহল বাড়ানোর দাবি জানান।
মন্তব্যসমূহ