সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটকের খবর নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার কাছে বিস্ফোরক ছিল কিংবা তিনি আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিলেন—এমন কোনো সত্যতা পাওয়া যায়নি।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় নিরাপত্তা বাহিনী পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব দাবি ছড়িয়ে পড়ছে, সেগুলোর কোনো সত্যতা নেই। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আর কোনো তথ্য দেয়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, বিস্ফোরকভর্তি পোশাক পরা এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী মক্কার গ্র্যান্ড মসজিদে কাবার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন বলেও এসব পোস্টে দাবি করা হয়।
তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করেছে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আটক ব্যক্তির বিরুদ্ধে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে; আত্মঘাতী হামলা বা বিস্ফোরক বহনের কোনো তথ্য তারা নিশ্চিত করেনি।
মক্কার গ্র্যান্ড মসজিদের কেন্দ্রস্থলে অবস্থিত কাবা মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। ফলে মসজিদুল হারামকে ঘিরে নিরাপত্তাসংক্রান্ত যেকোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ