ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর একই তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী আসনটি শূন্য হয়েছে।
এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় রাজনীতির সংশ্লিষ্টতার তথ্য সামনে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার জানিয়েছিলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ শুরু থেকেই ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরে তার পদত্যাগের পর জাতীয় সংসদ সচিবালয় সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
মন্তব্যসমূহ