রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ও একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর করা হয়েছে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ ছাড়া তারা একটি ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এতে উচ্ছেদ অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে।
মন্তব্যসমূহ