ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ছন্দেই এগিয়ে চলছে বিশ্বকাপ মিশনে। টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ। শনিবার (২৭ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেন, জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। তবে এই সিদ্ধান্তের সঙ্গে নকআউট পর্বের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
স্কালোনি বলেন, ‘এই জার্সি গায়ে মাঠে নামলে পয়েন্টের প্রয়োজন থাকুক বা না থাকুক, সেটা কোনো বিষয় নয়। আমাদের সব সময় জয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে। প্রথম ম্যাচের মতোই একই মানসিকতা ও উদ্দীপনা ধরে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আগামীকালের ম্যাচে কে খেলবে, তার সঙ্গে পরের ম্যাচের কোনো সম্পর্ক নেই। প্রতিপক্ষের কৌশল অনুযায়ী আমরা পরিকল্পনা সাজাই। জর্ডান সাধারণত পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলে। তাই তাদের বিপক্ষে ভিন্ন কৌশল প্রয়োগের প্রস্তুতি নিয়েছি।’
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়ার পাশাপাশি দুটি ম্যাচেই ক্লিনশিট ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ় পারফরম্যান্সে এখনো কোনো গোল হজম করেনি দলটি।
নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি বলেন, ‘আমরা যা অর্জন করেছি, তার কৃতিত্ব খেলোয়াড়দের। তারা প্রতিটি অনুশীলনে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। আমাদের লক্ষ্য, যে-ই মাঠে নামুক, দল যেন একই ধরনের ফুটবল খেলতে পারে।’
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই করেছেন লিওনেল মেসি। পাঁচ গোল নিয়ে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। তার ঠিক পেছনে চারটি করে গোল নিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র।
এদিকে, গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আর্জেন্টিনার শেষ বত্রিশের প্রতিপক্ষও নিশ্চিত হয়েছে। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দের বিপক্ষে আগামী ৩ জুলাই মায়ামিতে নকআউট ম্যাচ খেলবে স্কালোনির শিষ্যরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশে উঠবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।














মন্তব্যসমূহ