চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী রোববার (২৮ জুন) ঘোষণা করা হবে।
শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
এদিন দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মামলার পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।
এর আগে গত ১০ জুন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেন। জবানবন্দিতে তিনি একজন প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও তোলেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম দফায় সাক্ষ্য দিয়েছিলেন তিনি।
মামলার পাঁচ আসামির মধ্যে চারজন পলাতক। তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
মন্তব্যসমূহ