জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আগ্রহের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিদর্শকরা ইরানে এসে পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে চাইলে আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় সমঝোতা ও চুক্তি করা যেতে পারে।
পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, পরমাণু পরিদর্শনের বিষয়টি নতুন করে আলোচনার কাঠামোর মধ্যেই নির্ধারণ করা হবে। তিনি বলেন, নির্দিষ্ট বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে পরিদর্শনের সুযোগ তৈরি হতে পারে।
সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি আবারও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।
ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ বা ‘হারাম’। তার ভাষ্য, ইরানের কেউ এমন অস্ত্র তৈরির ইচ্ছা পোষণ করলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই পথে যাওয়ার অনুমতি নেই।
সাক্ষাৎকারে সিবিএস নিউজের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) পরিদর্শকদের প্রবেশ ও ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
জবাবে পেজেশকিয়ান বলেন, নতুন আলোচনার অংশ হিসেবে পরিদর্শনের বিষয়টি নিয়ে চুক্তিতে পৌঁছানো সম্ভব। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলে দেশটির দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এর আগে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার আগ্রহের কথাও জানানো হয়েছে। পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যে সেই আলোচনার অংশ হিসেবে পরমাণু পরিদর্শনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এদিকে, আইএইএর পূর্ণাঙ্গ প্রবেশাধিকার নিয়ে ইরান ও আন্তর্জাতিক সংস্থাটির মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য রয়েছে। সাক্ষাৎকারে সিবিএস নিউজ এ বিষয়টিও তুলে ধরে।
সূত্র : সিবিএস নিউজ
মন্তব্যসমূহ