ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে প্রকাশ্য ও দ্ব্যর্থহীনভাবে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ অবস্থান তুলে ধরেন।
পেদ্রো সানচেজ বলেন, গাজায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারের সামরিক অভিযানকে স্পেন কোনো রাখঢাক ছাড়াই এবং দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাচ্ছে। তিনি এ অভিযানকে ‘নির্মম গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ গত আট বছর ধরে যেকোনো ধরনের আগ্রাসী যুদ্ধের বিরোধিতা করে আসছে। আগ্রাসন যেখান থেকেই শুরু হোক না কেন, ইউক্রেন, লেবানন কিংবা ইরান—সব ক্ষেত্রেই স্পেন যুদ্ধের বিরোধিতা করেছে বলে জানান তিনি।
সানচেজ বলেন, ‘আমরা সামরিক ব্যয় বৃদ্ধি করতে অস্বীকৃতি জানিয়েছি এবং জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সবকিছু করেছি।’
তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে স্পেন প্রতিশ্রুতিবদ্ধ।
একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো ধরনের সামরিক আগ্রাসন পরিচালনার ক্ষেত্রে স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়েও তার সরকারের কঠোর অবস্থানের কথা জানান সানচেজ।
গাজা যুদ্ধসহ বিভিন্ন সংঘাতের বিষয়ে স্পেনের অবস্থান তুলে ধরে তিনি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দেশটির নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।