পর্দায় অন্তরঙ্গ দৃশ্য এখন আর নতুন কিছু নয়। তবে ক্যামেরার সামনে ধারণ করা কোনো দৃশ্য অভিনেত্রীর অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়লে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তিনি জানান, একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর চার দিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। এমনকি নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
রাধিকা আপ্তে বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতার সম্মতি এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্যামেরার সামনে কোনো দৃশ্য করার সিদ্ধান্ত এক জিনিস, আর সেই দৃশ্য অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার পর তার অভিঘাত সামলানো সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা।’
অভিনেত্রী জানান, একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হতে পারছিলেন না। বিষয়টি শুধু অস্বস্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না; নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্ক তৈরি হয়েছিল তার।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সেই কাজের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় পুরোনো ওই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। রাধিকার ভাষ্য অনুযায়ী, দৃশ্যটি ফাঁস হওয়ার পর সেটি তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল। এমনকি বাড়ির বাইরে অচেনা কেউ এসে হাজির হতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মধ্যে।
রাধিকা বলেন, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ফাঁস হওয়া ক্লিপটি দেখেছিলেন। এরপর তিনি বারবার তাকে জিজ্ঞাসা করতেন, ‘আপনি ওর বাড়িতে যাচ্ছেন?’ এমনকি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও ভিডিওটি পৌঁছে গিয়েছিল বলে জানান অভিনেত্রী।
ফলে বিষয়টি শুধু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সীমাবদ্ধ থাকেনি; বরং তা তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে গিয়েছিল বলে জানান রাধিকা।
সেই সময় একাই একটি ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রী। নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি খোলাখুলি আলোচনা করতে হয়েছিল তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে পুরো ঘটনা জানান তিনি। তাদের রাধিকা বলেন, তারা যদি ওই দৃশ্য দেখে স্বচ্ছন্দ থাকেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তারা তার সঙ্গে কাজ করেন। দুজনেই তাকে আশ্বস্ত করেছিলেন যে তারা তার পাশে আছেন।
নিজের ওই সিদ্ধান্তের পর ‘লজ্জা’ও হয়েছিল বলে জানান রাধিকা আপ্তে। তিনি বলেন, ওই সময়ে পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে কাজটি না করার পরামর্শ দিয়েছিলেন।
কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়েও গত কয়েক বছরে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। সন্তান জন্মের পরও দীর্ঘ বিরতিতে যাননি তিনি। বরং সন্তান জন্মের পর প্রথম কাজের পরিকল্পনার সময় সদ্যোজাতকে স্তন্যপান করানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন রাধিকা।