ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইনকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইনকে প্রেষণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই সঙ্গে ফায়ার সার্ভিসের বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে তার মূল কর্মস্থল সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নতুন মহাপরিচালক হিসেবে সুলতানুল আফরীন জুনাইন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবেন।