নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবির অভিযোগে করা একটি মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ফয়সালকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মামলার এজাহার অনুযায়ী, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলামের কাছে গত ১ জুলাই হোয়াটসঅ্যাপে ফোন করার অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই ফোনে ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়েও ফোন করে একইভাবে অর্থ দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ফয়সাল ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। সেখানে কর্মীদের কাছে আবারও এককালীন ২০ লাখ টাকা ও মাসিক ২ লাখ টাকা দাবি করা হয়।
কর্মীরা টাকা দিতে রাজি না হলে তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় বলেও মামলায় অভিযোগ রয়েছে। একই সঙ্গে দাবি করা অর্থ না দিলে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করলে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে মামলায় আনা এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযোগের বিষয়ে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল বা তার আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।