জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (২০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ ৫০০ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করে। প্রসিকিউশন জানিয়েছে, এ রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে আটটি অভিযোগের মধ্যে তিনটিতে দোষী সাব্যস্ত করে। প্রতিটি অভিযোগে তাঁকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকর হওয়ায় তাঁকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।
পূর্ণাঙ্গ রায়ে ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুরুতর আহত করা, নির্যাতন ও রাজনৈতিক কারণে নিপীড়নের দায়ে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ষষ্ঠ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সহযোগিতার দায়ে তাঁকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। সপ্তম অভিযোগে ষড়যন্ত্র ও চুক্তিতে সম্পৃক্ত থাকার দায়ে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে ইনুকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের ভাষ্য, সাজা কম হওয়ায় এবং খালাস পাওয়া অভিযোগগুলোর বিষয়ে আপিল করা হবে। অন্যদিকে ইনুরও রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।