ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পকে প্রশ্ন করায় সিএনএন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ হোয়াইট হাউসের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করার পর সিএনএনের হোয়াইট হাউস প্রতিবেদক ক্রিস্টেন হোমসকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে হোয়াইট হাউসের বিরুদ্ধে।সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ওই সাংবাদিকের সমালোচনা করা হয়। এমনকি তার ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়েও মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেছে সিএনএন।ঘটনার সূত্রপাত হয় ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যকে কেন্দ্র করে। রোববার এক সমাবেশে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বপূর্ণ কাজের পরিবর্তে ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত রয়েছেন। তার মন্তব্যে ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পের প্রসঙ্গও উঠে আসে।[BANGVIEWS-POST:3973]পরদিন ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ক্রিস্টেন হোমস ট্রাম্পের কাছে ওই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চান। তবে ট্রাম্প সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে সিনেটর অসফকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। একই সঙ্গে হোমসকে নিয়ে কঠোর ভাষায় সমালোচনামূলক পোস্ট দেওয়া হয়। পোস্টে তাকে সাংবাদিকতার জন্য বিব্রতকর ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় এবং তার আচরণ নিয়ে অভিযোগ তোলা হয়।আরেকটি পোস্টে হোমসের সন্তানদের প্রসঙ্গ টেনে মন্তব্য করা হয়, ভবিষ্যতে তারা মায়ের করা প্রশ্ন দেখে বিব্রত হতে পারে। এই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছে সমালোচকেরা।ওভাল অফিসের সংবাদ সম্মেলনেও ট্রাম্প হোমসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। তিনি সাংবাদিককে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন এবং প্রশ্ন করার সময় তাকে থামিয়ে দেন।হোমস নিজের পরিচয় দিয়ে জানান, তিনি সিএনএনের হয়ে কাজ করছেন। তবে ট্রাম্প তার বক্তব্য চালিয়ে যান এবং তাকে চুপ থাকতে বলেন। ফলে সাংবাদিক তার প্রশ্ন সম্পূর্ণ করতে পারেননি।[BANGVIEWS-POST:3972]ঘটনার পর সিএনএন তাদের প্রতিবেদকের পক্ষে অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, হোমস হোয়াইট হাউসের অন্যতম অভিজ্ঞ ও সম্মানিত সাংবাদিক। তিনি জনগণের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন।সিএনএন আরও বলেছে, সরকারের কোনো সংবাদ প্রতিবেদন পছন্দ না হলে তা নিয়ে আপত্তি জানানো স্বাভাবিক। তবে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা মুক্ত সংবাদমাধ্যমের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।ট্রাম্পের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন নারী সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ ও কঠোর ভাষায় সমালোচনা করার অভিযোগ উঠেছে।সূত্র: সিএনএন

ট্রাম্পকে প্রশ্ন করায় সিএনএন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ হোয়াইট হাউসের