রাজধানীর মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে আগুন এবং যাত্রাবাড়ীতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে পৃথক এসব ঘটনা ঘটে। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের একটি বাসেও আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়। এ ঘটনায়ও কেউ আহত হননি।
পরে রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।