বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করা বর্তমান সরকারের জন্য অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ১১ দলের দাবি আদায়ের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। দাবি বাস্তবায়নের পরই তারা রাজপথ ছেড়ে ঘরে ফিরবেন। বর্তমান সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের ওপর বিদেশি আধিপত্যের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ দেশের জনগণই নির্ধারণ করবে। তিস্তা ব্যারেজের বিষয়েও সরকারের অবস্থানের সমালোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।
গুম ও হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গেও কথা বলেন মামুনুল হক। শরীফ ওসমান হাদী ও বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও হত্যার শিকার ব্যক্তিদের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মামুনুল হক। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের আবেগ নিয়ে খেলার সুযোগ নেই এবং দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। গণভোটের রায় বাস্তবায়ন, বিচার, তিস্তা মহাপরিকল্পনা, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পথে গাজীপুরসহ কয়েকটি জেলায় পথসভা শেষে রংপুরে সমাবেশের কর্মসূচি রয়েছে।