সৌদি আরবের তাইফ গভর্নরেটে হুতি বাহিনীর একটি ড্রোন প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, তাইফের দিকে আসা একটি ড্রোন শনাক্ত করে তা প্রতিহত ও ধ্বংস করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ তাইফ গভর্নরেটের একটি এলাকায় পড়ে হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইয়েমেনের নাগরিক এবং সৌদি আরবে বসবাস করতেন। ধ্বংসাবশেষের আঘাতে আহত দুজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে দেশটিকে লক্ষ্য করে হুতি বাহিনীর হামলা শুরুর পর এ ঘটনাতেই প্রথম প্রাণহানির খবর পাওয়া গেল। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডের বিভিন্ন এলাকায় ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মক্কার দিকে অগ্রসর হওয়া একটি হুতি ড্রোনও প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো ইয়েমেনের হুতি বাহিনী ও সৌদি আরবের মধ্যকার নতুন করে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটছে।
ইয়েমেনের হুতি বাহিনী দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে সংঘাতের সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও বেড়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এসব হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।