ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
অ্যাক্সিওসের বরাতে আনাদোলু জানিয়েছে, বৈঠকটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে। সেখানে যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশল এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতা বা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন। অন্য আরব ও মুসলিম দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে প্রাথমিকভাবে বৈঠকের আমন্ত্রণ পাঠিয়েছে। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী, তবে এখনো তাদের বৈঠকের চূড়ান্ত সময় নির্ধারিত হয়নি।
এদিকে বুধবার ট্রাম্প দাবি করেছেন, ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি চুক্তিতে যেতে চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আশা করছেন যুদ্ধ এখন ‘শেষের দিকে’ এগোচ্ছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই যোগাযোগ কবে, কার মাধ্যমে এবং কী বিষয়ে হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি তিনি। ইরানের পক্ষ থেকেও এখনো এ দাবির পূর্ণাঙ্গ স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইরান যুদ্ধ বর্তমানে সপ্তম মাসে চলছে। সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি