কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাক আহমেদ আবু মিয়া, তাঁর স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে খালেদা আক্তার ও তাঁর ভাই মোস্তাক আহমেদ আবু মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
সেই বিরোধের জেরে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুরাদনগরে খালেদা আক্তার (৭০) ও তাঁর ভাতিজা মনজুরুল আলম তুতুর (৩৫) ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতদের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন। মামলায় মোস্তাক আহমেদ আবু মিয়া, হনুফা বেগম ও ইতি আক্তারকে আসামি করা হয়।
মামলার পর মঙ্গলবার কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকা থেকে হনুফা বেগম ও ইতি আক্তারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামি মোস্তাক আহমেদ আবু মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি চলন্ত ট্রেন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনকে বুধবার কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।