ইসরাইলের আগামী সরকারে কারা থাকবেন, তা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোট সরকার নিয়ে এই বিরোধ সামনে এসেছে।
ইসরাইলের চ্যানেল ১২-এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বিরোধের মূল বিষয় হলো ভবিষ্যতে নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠিত হলে বেন গাভিরের দল ওতজমা ইয়েহুদিত সেই জোটে থাকবে কি না।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু বেন গাভির ও লিকুদ আইনপ্রণেতা তালি গটলিভের সঙ্গে কথা বলে পরবর্তী সরকারেও ওতজমা ইয়েহুদিতকে রাখার আশ্বাস দিয়েছেন।
তবে বেন গাভিরের দল এই দাবি অস্বীকার করেছে। দলটির বক্তব্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেতানিয়াহুর সঙ্গে বেন গাভিরের এমন কোনো আলোচনা হয়নি।
বরং ওতজমা ইয়েহুদিতের দাবি, নেতানিয়াহু কয়েকজন ব্যক্তিকে জানিয়েছেন যে পরবর্তী সরকারে বেন গাভিরের দলকে না রেখে ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকোটকে জোটসঙ্গী হিসেবে নিতে আগ্রহী তিনি।
এর পর নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা করেন বেন গাভির। তিনি দাবি করেন, লিকুদের কিছু সদস্যের তুলনায় তার দল নেতানিয়াহুর প্রতি বেশি আনুগত্য দেখিয়েছে। একই সঙ্গে আইজেনকোটকে দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আগামী ২৭ অক্টোবর ইসরাইলের ১২০ আসনের নেসেট নির্বাচনে ভোট হওয়ার কথা। দেশটির সরকার গঠনের জন্য সাধারণত ৬১ আসনের সমর্থন প্রয়োজন, ফলে নির্বাচনের পর জোট সমীকরণই নির্ধারণ করবে কারা সরকারে থাকবে।
সাম্প্রতিক জরিপগুলোতে ইয়াশার ও লিকুদ উভয়ই বড় দল হিসেবে উঠে আসছে, তবে কোনো প্রধান রাজনৈতিক ব্লকই এখন পর্যন্ত স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার অবস্থানে নেই।
সূত্র: আনাদোলু এজেন্সি