ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার একটি ভাড়া বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজের পেছনের ওই বাসার ভেতর থেকে ছিটকিনি লাগানো দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।
ফুলবাড়ীয়া থানার এসআই লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কবীর হোসেন ওই বাসায় গৃহশিক্ষক হিসেবে পড়াতেন। প্রায় দুই বছর ধরে তিনি বাসাটির সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে পড়িয়ে আসছিলেন।
বাসাটিতে ওমানপ্রবাসী উজ্জল হোসেনের স্ত্রী শিরিনা আকতার ও তাদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে থাকতেন। উজ্জল হোসেন প্রায় চার বছর ধরে ওমানে অবস্থান করছেন।
নিহতের মা জোসনা বেগমের অভিযোগ, তার ছেলে ওই বাসা থেকে বাড়িতে চলে এলে শিরিনা আকতার ফোন করে তাকে আবার বাসায় নিয়ে আসতেন। তার দাবি, শিরিনা আকতারের কারণেই তার ছেলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং নিহতের মায়ের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।