ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মশাবাহিত এই রোগের বিস্তার ঠেকাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিটির উদ্বোধন করবেন।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচির আওতায় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তিন মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।