রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীতে অবস্থিত অ্যাপেক্স ভবনের কয়েকটি তলায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।