সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের একটি অস্থায়ী স্থানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্যত্র সরিয়ে নেওয়ার আগে ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
ঘটনার পরপরই সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে পরপর বিস্ফোরণ ও ঘন ধোঁয়ার কারণে অভিযান ব্যাহত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় একটি গোলাবারুদবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হয়েছিলেন।