পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ স্থিতিশীলতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (এমজিআইএমও) শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ হতে পারে।
ল্যাভরভ জানান, প্রায় ২০ বছর আগে রাশিয়া আরব রাজতন্ত্র, ইরানসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছিল। আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে এই প্রক্রিয়ায় যুক্ত করার ধারণাও তুলে ধরেছিল মস্কো।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। তবে এর আগে চীন ও রাশিয়ার মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’র প্রসঙ্গ তুলে ল্যাভরভ বলেন, এটি যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার একটি সম্ভাব্য কাঠামো হতে পারে।
তার মতে, মিশর বা আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা গেলে তা রাশিয়ার দীর্ঘদিনের প্রস্তাবিত আঞ্চলিক নিরাপত্তা ধারণার কার্যকর বাস্তবায়ন হতে পারে।
তবে এই উদ্যোগে রাশিয়া কোনো নেতৃত্বস্থানীয় ভূমিকা দাবি করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ।