প্রতারণা মামলায় জামিন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সাজা পরোয়ানা থাকায় গত ২৫ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ২০০৮ সালের ওই প্রতারণা মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।
বিদিশা সিদ্দিক প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী।