রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের মামলায় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে শুটার লেলিনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ লেলিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছিল। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার ভোরে চট্টগ্রামের মিরসরাই থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। লেলিন শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। পুলিশের তালিকায় তিনি ‘শুটার লেলিন’ নামে পরিচিত।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি হামলা চালায়। প্রাচীর টপকে ভেতরে প্রবেশের পর তারা দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে এবং বেঁধে আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে।
এরপর হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেঙে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরিবার পরিকল্পনা সেবার কাজে ব্যবহৃত আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা। ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের একটি ঘর, আসবাবপত্র এবং যন্ত্রপাতি ভাঙচুরে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতির কথা মামলায় বলা হয়েছে। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় আরও প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রীর পাশাপাশি দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। লুট হওয়া এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
সব মিলিয়ে পাঁচটি ঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং মালামাল লুটের কারণে প্রায় এক কোটি নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। চলে যাওয়ার সময় হামলাকারীরা নৈশপ্রহরীদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের জায়গায় একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক চিকিৎসক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগের ভিত্তিতেই লেলিনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
মন্তব্যসমূহ