গাজীপুরের টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই মালিকানাধীন প্রায় ২৫টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, খবর পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।