কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ইংল্যান্ডের তরুণ পেসার হেনরি ক্রোকোম্বে। মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করে আলোচনায় আসা সাসেক্সের এই ডানহাতি পেসার প্রথমবারের মতো ইংল্যান্ডের সাদা বলের দলে জায়গা পেয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য পৃথক দুটি ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দুই ফরম্যাটের দলেই নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। ক্রোকোম্বের পাশাপাশি টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন ডার্বিশায়ারের ওপেনার আনেউরিন ডোনাল্ড।
সম্প্রতি সমারসেট ও এসেক্সের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেন ক্রোকোম্বে। সমারসেটের বিপক্ষে তার বোলিং ছিল আরও নজরকাড়া। মাত্র ১৪ বল করে কোনো রান না দিয়ে পাঁচ উইকেট শিকার করেন ২৪ বছর বয়সী এই পেসার। দুই ম্যাচে মোট ১২ উইকেট নেওয়ার সুবাদে এবার ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও অস্থায়ীভাবে ডাক পেয়েছিলেন ক্রোকোম্বে। তবে সে ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি। এখন পর্যন্ত ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে তার সংগ্রহ ৪৯ উইকেট।
অন্যদিকে টি-টোয়েন্টি ব্লাস্টে ব্যাট হাতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন আনেউরিন ডোনাল্ড। ২৩০.৬৬ স্ট্রাইক রেটে চারটি অর্ধশতকসহ ৪৮৯ রান করেছেন তিনি। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এই ফরম্যাটে ১৮টি ফিফটির সাহায্যে তার রান ২ হাজার ৪২৩।
ভারতের বিপক্ষে চলতি মৌসুমের সাদা বলের সিরিজে ঊরুর চোটের কারণে খেলতে না পারা জেমি ওভারটনও দলে ফিরেছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর ২২ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে দলে রয়েছেন হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডউসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।
টি-টোয়েন্টি দলে রয়েছেন হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডউসন, আনেউরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ ও জশ টাং।
মন্তব্যসমূহ