ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়েছে চরম জাতিগত উত্তেজনা ও সহিংসতা। সোমবার (১৯ অক্টোবর) সকালে জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে কুকি সশস্ত্র বিদ্রোহীদের অতর্কিত গুলিবর্ষণে দুই মেইতেই ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা নিহতদের মরদেহ নিয়ে রাজধানী ইম্ফলে মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংয়ের সরকারি বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, নিহত দুই ব্যক্তি হলেন অরুবাম রনিল (৩৫) এবং লায়েরেনলাকপাম ইনাওবি (৫১)। স্থানীয় সূত্র জানিয়েছে, এ হামলায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এবং অন্তত তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
এদিকে রাজ্যটিতে রোববার রাত থেকেই নতুন করে একাধিক সংঘর্ষের খবর পাওয়া গেছে। মণিপুর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক লহরি দর্জি লহাতু জানান, ১৮ অক্টোবর রাতে থৌবাল জেলার খাংগাবোক পালি বাজারে একটি স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পাথর নিক্ষেপের জেরে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ছাড়া পৃথক আরেক ঘটনায় সিংজামেই থানার সন্নিকটে কাকওয়া লামদাইবুং লাম্পাক এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটানো হয়। এতে সিআরপিএফের তিন সদস্য গুরুতর জখম হন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ