শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচিতে যাওয়ার পথে এক অনন্য মানবিক ও আন্তরিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, সেলফি তোলেন এবং তাদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ প্রসঙ্গে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীকে দেখার জন্য শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে ছিল। প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সময় দেন এবং উপহার তুলে দেন। এ সময় অধ্যক্ষ কলেজের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে দুটি ছাত্রাবাস ও একটি হল রুম নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবি ও আবেদনপত্র হস্তান্তর করেন।
দিনের সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে রংপুরে পৌঁছে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। রাজশাহীতে পৌঁছে দুপুর দেড়টায় স্থানীয় মন্দির পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে ঐতিহাসিক মাদরাসা মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
রাজশাহীর কর্মসূচি শেষে তিনি উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরবর্তীতে চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে রাতেই আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্তব্যসমূহ