সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।
সম্প্রতি পিএসসির চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটবে—তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মন্তব্যসমূহ