কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস, বিদেশি মদ ও ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর সদস্যরা জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালান।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত ব্যক্তিরা জালিয়ার দ্বীপের প্যারাবন ও জালিয়াপাড়ার কেওড়া বনে দুটি কাঠের বোট রেখে পালিয়ে যায়।
পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।
মন্তব্যসমূহ