দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত এই পাল্টা অভিযান অব্যাহত থাকবে।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
জুলফাকারি দাবি করেন, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির অবকাঠামো, সামরিক সরঞ্জাম ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এসব অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও সামরিক কর্মকর্তার হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানি এই সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক অভিযান চলবে যতক্ষণ না ওয়াশিংটন নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করছে। তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরানের পক্ষ থেকে আরও বড়, ব্যাপক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।
এর আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে।
তবে দুই পক্ষের হামলা ও ক্ষয়ক্ষতির দাবির অনেক তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
মন্তব্যসমূহ