ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রচলিত আইন মেনে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং নাগরিকদের মৌলিক অধিকার নির্বিঘ্নে ভোগের সুযোগ দেওয়াই গণতন্ত্রের প্রকৃত রূপ। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই সুস্থ ও বহুদলীয় গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব দিয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিএনপির সভা-সমাবেশে বাধা দিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং দলটির নেতাকর্মীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। নানা প্রতিকূলতা ও চাপের মধ্যেও হাটহাজারীর বিএনপি নেতাকর্মীরা টানা ১৭ বছর সেখানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।
তিনি বলেন, দেশের মানুষ অতীতেও বিএনপির পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও দলটির সঙ্গে থাকবে বলে তিনি আশাবাদী।
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতি অনুসরণ করে দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি কাজ করছে। সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবেও দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালনে প্রস্তুত।
ভবিষ্যতে যাতে অতীতের মতো কোনো ধরনের নিপীড়ন, অন্যায় বা রাজনৈতিক নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্যসমূহ