রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আড়ালে থেকে সরকারবিরোধী অপতৎপরতা পরিচালনা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রকাশ্যে না এলেও তিনি গোপনে নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড এবং সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের অনুমোদনে তিনি তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রমা আত্মগোপনে চলে যান। জনসম্মুখে উপস্থিতি না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে সরকারবিরোধী অপপ্রচার ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, তাঁর বাবা আতাউর জামান বাবুও জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)’ রাখা হয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত।
মন্তব্যসমূহ