গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও চট্টগ্রামের লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরের বিআইএ মিলনায়তনে মহানগর জামায়াতের লংমার্চ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষ বর্তমানে বিভিন্ন সমস্যার মুখোমুখি। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে।
তারা আরও বলেন, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ জনগণের বিভিন্ন দাবি পূরণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বক্তারা জানান, আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশের মাধ্যমে এসব দাবি তুলে ধরা হবে। তারা কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় বলা হয়, এই কর্মসূচি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং জনগণের অধিকার, জনদুর্ভোগ নিরসন এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আয়োজন করা হয়েছে।
সভায় লংমার্চের প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট নেতাদের কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নগর জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড, শ্রমিক সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারাও সভায় অংশ নেন।
মন্তব্যসমূহ