শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। এবার অতিরিক্ত পরিচালক পদ থেকে পরিচালক পদে একসঙ্গে ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে কমিশন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির ১০২৭তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মুস্তারি জাহান, মোহাম্মদ শামসুর রহমান, ইউসুফ ভূঁইয়া, হোসাইন খান, ওহিদুল ইসলাম, কাওসার আলী, শেখ মো. লুৎফুল কবির, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, ফারুক হোসাইন, উম্মে সালমা, মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মোহাম্মদ গোলাম কিবরিয়া।
বিএসইসি সূত্র জানায়, পদোন্নতির চিঠি পাওয়ার পর ১৩ কর্মকর্তা মঙ্গলবারই নতুন পদে যোগদান করেছেন। তবে তাদের দায়িত্ব ও কর্মপরিধি এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই পৃথক আদেশের মাধ্যমে দায়িত্ব বণ্টন করা হবে।
এই পদোন্নতির ফলে বিএসইসিতে পরিচালক পর্যায়ের শূন্যতা কিছুটা কমবে। একই সঙ্গে অতিরিক্ত পরিচালক পদে নতুন করে ১৩টি শূন্যপদ তৈরি হয়েছে।
সূত্র জানায়, এসব শূন্যপদে কমিশনের যোগ্য যুগ্ম পরিচালকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে নিচের স্তরের কর্মকর্তাদেরও পর্যায়ক্রমে পদোন্নতির সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, কর্মকর্তাদের পদোন্নতি ও দায়িত্ব পুনর্বণ্টনের মাধ্যমে বিএসইসির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হতে পারে। দীর্ঘদিনের পদোন্নতি জট কমলে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনে আরও ভারসাম্য আসবে।
এর আগে গত ১৮ আগস্ট বিএসইসির তিন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। তারা হলেন মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান। ওই পদোন্নতির মধ্য দিয়েই সংস্থাটিতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট কাটার প্রক্রিয়া শুরু হয়।
মন্তব্যসমূহ