ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে জেলার পিপরি থানা এলাকার মনোরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মনোরি গ্রামের ওই আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও পাঁচজনের চিকিৎসা চলছে।
কৌশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানিয়েছেন, বিস্ঘটনের তীব্রতায় কারখানাটি ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কারখানার আশপাশে বসবাসকারী কয়েকজন বাসিন্দাও রয়েছেন। বিস্ফোরণের প্রভাবে কারখানার পাশের ৫ থেকে ৬টি বাড়ি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে পুলিশ, দমকল বাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। কয়েকটি ট্রেনের গতিপথও সাময়িক পরিবর্তন করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজি তৈরির সময় মজুত বিস্ফোরক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ