বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার দাবি, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় জটিলতা কমেছে।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসাসংক্রান্ত সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধান করতে কাজ করছে বিশেষ কমিটি। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং বিদেশি বিশেষজ্ঞ শিক্ষকদের দেশে আনার প্রক্রিয়াও আরও সহজ করার পরিকল্পনা রয়েছে।
বিশেষ করে চীন থেকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে দক্ষ শিক্ষক বাংলাদেশে আনার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে নতুন ধরনের সহযোগিতা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে শিক্ষক বিনিময় কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি শিক্ষকদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত করার লক্ষ্য রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা বিনিময় কর্মসূচির কার্যক্রম দৃশ্যমান হতে পারে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করছে সরকার।
এর আগে চীনের সঙ্গে শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং ‘চীনা ভাষা ও পেশাগত দক্ষতা’ সমন্বিত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সরকারের লক্ষ্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা ও দক্ষতা বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত করা।
মন্তব্যসমূহ