কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে বিগত সরকার দেশের বিদ্যুৎ খাতকে ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার ভাষ্য, বন্ধ হয়ে যাওয়া কুইক রেন্টাল কেন্দ্রগুলোর প্রভাবে বিদ্যুৎ উৎপাদনে সাময়িক সংকট তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে লালমনিরহাটের কুলাঘাট এলাকায় রত্নাই নদীর ওপর নির্মিত ১৩০ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত একটি প্রযুক্তিনির্ভর ও জটিল খাত। বিগত সরকারের সময় এই খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এসব সমস্যার প্রভাব কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।
লালমনিরহাটের বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন আসাদুল হাবিব দুলু। তিনি জানান, জেলার সার্বিক বিদ্যুৎ চাহিদা পূরণে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রত্নাই নদীর ওপর নবনির্মিত সেতুটি এলাকার যোগাযোগ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তার মতে, লালমনিরহাট ও কুড়িগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
মন্ত্রী বলেন, লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কের ধরলা সেতুর সুবিধা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছিল না। রত্নাই নদীর ওপর নতুন সেতুটি চালু হওয়ায় দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে এবং দুই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর হবে।
সেতু উদ্বোধনের পর তিনি ধরলা নদীর ডান তীর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন। এর আগে ডা. সেলিনা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল সমিতির একটি নির্বাচনেও অংশ নেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সড়ক ও জনপথ বিভাগের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ