রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করা এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল পরিশোধ প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে একটি অ্যাপ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার মাসের মধ্যে এ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূর্বে প্রস্তুত করা প্রতিবেদন পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ ১৫ দিনের মধ্যে নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
রাজধানীর কেন্দ্রীয় অংশে বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় আপাতত ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে করার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণ করা হবে। এ কাজে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।
সচিবালয়ের আশপাশের যানজট কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি বিকল্প স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকায় অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল করতে আলাদা নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ